লেটেস্ট নিউজ

যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় ধাক্কা খেল পাকিস্তান সুপার লিগ; দর্শকশূন্য মাঠে হবে খেলা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বড় ধরনের সংকটের মুখে পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পূর্বনির্ধারিত ছয়টি শহরের পরিবর্তে মাত্র দুটি শহরে পুরো টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাহোর ও করাচির গ্যালারিতে দর্শকদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ৩০ হাজার দর্শকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে বাতিল করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হলে টুর্নামেন্টের শেষ দিকে দর্শকদের মাঠে ফেরার সুযোগ দেওয়া হতে পারে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

দর্শকশূন্য মাঠে খেলা হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর যে আর্থিক ক্ষতি হবে, তা পূরণ করার আশ্বাস দিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া যারা ইতিমধ্যেই খেলা দেখার টিকিট কিনেছিলেন, তাদের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে দুই শহরে টুর্নামেন্ট সীমাবদ্ধ রাখার এই সিদ্ধান্ত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *