যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরলেন ৭০ জন ভারতীয় পড়ুয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় আটকে পড়া ভারতীয়দের উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। রবিবার বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রায় ৭০ জন ভারতীয় পড়ুয়া, যাঁদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। আকাশপথ অবরুদ্ধ থাকায় তাঁদের প্রথমে বাসে করে ইরান-আর্মেনিয়া সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ইয়েরেভান হয়ে বিমানে দিল্লিতে আনা হয়।
দিল্লি পৌঁছানোর পর জম্মু ও কাশ্মীর সরকারের বিশেষ বাসে পড়ুয়াদের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। অনন্তনাগের বাসিন্দা ও মেডিকেল শিক্ষার্থী নইনা তঈবার মতো অনেক শিক্ষার্থীই চার দিনের দীর্ঘ যাত্রা শেষে নিরাপদে দেশে ফিরতে পেরেছেন। ইরানের তেহরান এবং কোম শহরে এখনও বহু ভারতীয় অবস্থান করছেন, যাঁদের ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনে আরও বেশ কয়েকটি বিশেষ বিমানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। শীঘ্রই আরও ৬০ জন পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিমান দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, ইরানে প্রায় ৯০০০ ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত প্রত্যাবর্তনের জন্য নিরলস কাজ করছে ভারতের বিদেশ মন্ত্রক।

