যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পোষ্য ফেরাতে বড় ছাড় কেন্দ্রের, মধ্য এশিয়ায় সংঘাতের আবহে স্বস্তিতে ভারতীয়রা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: মধ্য এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধের আবহে ঘরে ফেরা ভারতীয়দের জন্য বড় স্বস্তির খবর শোনাল কেন্দ্র। যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে নিজেদের প্রিয় পোষ্যদের ফিরিয়ে আনতে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)।
সাধারণ নিয়ম অনুযায়ী বিদেশ থেকে পোষ্য আনতে যে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নথিপত্রের প্রয়োজন হয়, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে তাতে শিথিলতা আনা হয়েছে। পশুপালন ও দুগ্ধ উন্নয়ন বিভাগের সুপারিশে জানানো হয়েছে, নথিপত্র আসাম্পূর্ণ থাকলেও এন্ট্রি পোর্টে স্বাস্থ্য পরীক্ষা ও জলাতঙ্কের টিকা দেওয়ার পর পোষ্যদের দেশে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। তবে মালিককে প্রমাণ করতে হবে যে পোষ্যটি অন্তত এক মাস ধরে তাঁর সঙ্গেই ছিল। এক্ষেত্রে পেট পাসপোর্ট বা টিকাকরণের রেকর্ড যাচাই করা হবে।
এয়ার ইন্ডিয়ার উড়ান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
অন্যদিকে, ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় ইউরোপ ও আমেরিকার উড়ানগুলো দীর্ঘ পথ অতিক্রম করছে। এই পরিস্থিতিতে পাইলটদের কাজের সময়সীমা বা ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন’-এ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে ডিজিসিএ। বর্তমানে বিকল্প রুট হিসেবে মিশরের আকাশপথ ব্যবহার করছে এয়ার ইন্ডিয়া।

