যুদ্ধ ও জ্বালানি সংকটের কোপ কলকাতায়, সাময়িকভাবে বন্ধ ঐতিহ্যবাহী ‘নাহুম’ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটে কলকাতায় সাময়িকভাবে বন্ধ হলো নিউ মার্কেটের শতাব্দীপ্রাচীন ইহুদি বেকারি ‘নাহুম অ্যান্ড সনস’। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাবেই ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত বেকারির ঝাঁপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দোকানের সামনে বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তারা।
শতবর্ষপ্রাচীন এই প্রতিষ্ঠানের পথচলায় দোকান বন্ধের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে ২০১৩ সালে কর্ণধার ডেভিড নাহুমের প্রয়াণে এবং ২০২০ সালে করোনা মহামারীর লকডাউনের সময় কয়েকদিন পরিষেবা ব্যাহত হয়েছিল। সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় রান্নার গ্যাসের তীব্র সংকট ও সিলিন্ডার বুকিংয়ে কড়াকড়ির কারণে ফের এই অচলাবস্থা তৈরি হলো।
নাহুমের বিখ্যাত প্লাম কেক ও ফ্রুট কেকের স্বাদ থেকে বঞ্চিত হওয়ায় স্বাভাবিকভাবেই মনখারাপ শহরবাসীর। ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই সংকট কবে কাটবে, সেই অপেক্ষায় দিন গুনছেন কেকপ্রেমীরা। আপাতত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপরই নির্ভর করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পথচলা।

