যুবসাথী প্রকল্প: আবেদন জমা পড়ল কি না জানুন নিজের মোবাইল থেকেই
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘যুবসাথী’ প্রকল্পে আপনার আবেদনটি সঠিকভবে নথিভুক্ত হয়েছে কি না, তা এখন ঘরে বসেই জেনে নেওয়া সম্ভব। সরকারি পোর্টালে গিয়ে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই মোবাইলের মাধ্যমে আবেদনের বর্তমান স্থিতি বা স্টেটাস যাচাই করা যাবে। এতে আবেদনকারীদের দীর্ঘদিনের দুশ্চিন্তা ও অনিশ্চয়তা দূর হবে বলে মনে করা হচ্ছে।
স্টেটাস জানতে প্রথমে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট https://apas.wb.gov.in-এ প্রবেশ করতে হবে। সেখানে ‘Check Status’ অথবা ‘Click to Apply’ অপশনে গিয়ে নিজের নিবন্ধিত মোবাইল নম্বরটি প্রদান করতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) নির্দিষ্ট স্থানে দিলেই স্ক্রিনে আবেদনপত্রের নম্বর ভেসে উঠবে। যদি নম্বরটি দেখা যায়, তবে বুঝতে হবে আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এই প্রকল্পের আবেদনের সময়সীমা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারেন অথবা স্থানীয় বিধানসভা কেন্দ্রভিত্তিক সরকারি ক্যাম্প থেকেও প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন। তবে বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশন সফল হয়েছে কি না তা জানা যাচ্ছে; চূড়ান্ত যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়ার ফলাফল পরবর্তী তালিকায় প্রকাশিত হবে।

