যৌক্তিক অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ‘যৌক্তিক অসঙ্গতি’ বা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের হয়রানি রুখতে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নোটিশ প্রাপ্ত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা পঞ্চায়েত বা ব্লক অফিসে প্রকাশ করতে হবে। বানান ভুল বা বয়সের সামান্য পার্থক্যের কারণে এক কোটিরও বেশি মানুষকে পাঠানো নোটিশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে সাধারণ মানুষ শুনানির জন্য নিকটস্থ পঞ্চায়েত বা ব্লক অফিসেই নথি জমা দিতে পারবেন। পাশাপাশি, ভোটারদের সহায়তায় বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস এই রায়কে বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের জয় হিসেবে দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একে ভোটারদের অধিকার রক্ষার বড় বিজয় বলে অভিহিত করেছেন।

