লেটেস্ট নিউজ

যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে মুখ খুললেন বিল গেটস – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখা জীবনের ‘সবচেয়ে বড় ভুল’ ছিল বলে স্বীকার করে নিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এই ঘটনার জন্য কর্মীদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, ওই সম্পর্কের জেরে তাঁর সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘গেটস ফাউন্ডেশন’-এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এপস্টাইনের কোনও অপরাধমূলক কাজের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না বলেই দাবি করেছেন এই ধনকুবের।

সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, বিল গেটস স্পষ্ট জানিয়েছেন যে তাঁর চোখের সামনে কোনও অনৈতিক কাজ হয়নি এবং নির্যাতিতাদের কারও সঙ্গেই তাঁর কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না। এপস্টাইনের সঙ্গে গেটসের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি জানান, ওই মহিলাদের নিজের সহকারী হিসেবে পরিচয় দিয়েছিল এপস্টাইন।

বিল গেটস আরও স্বীকার করেন যে, যৌন অপরাধের মামলায় এপস্টাইনের ১৮ মাসের কারাবাসের বিষয়টি তাঁর জানা ছিল। তা সত্ত্বেও তিনি একাধিক দেশে এপস্টাইনের সঙ্গে সফর করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, কোনও সফরেই তিনি ‘রাত্রিবাস’ করেননি কিংবা এপস্টাইনের কুখ্যাত দ্বীপে যাননি। তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস শুরু থেকেই এপস্টাইনের গতিবিধি নিয়ে সন্দিহান ছিলেন বলে জানা গেছে।

এদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন বিল গেটস। তিনি অকপটে স্বীকার করেন যে, যৌন অপরাধে যুক্ত না থাকলেও একাধিকবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর কথায়, “একজন রুশ ব্রিজ খেলোয়াড় এবং রাশিয়ার একজন পরমাণু বিজ্ঞানীর সঙ্গেও আমার বিশেষ সম্পর্ক ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *