লেটেস্ট নিউজ

রক্তাক্ত হাতের প্রার্থনা ঈশ্বর শোনেন না, মধ্যপ্রাচ্য যুদ্ধে পোপের কড়া বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

মিডিল ইস্টে রক্তক্ষয়ী যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শান্তির ডাক দিলেন খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম না নিয়েই এক শক্তিশালী বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যারা যুদ্ধের সূচনা করে এবং যাদের হাত রক্তে রঞ্জিত, ঈশ্বর কখনওই তাদের প্রার্থনা গ্রহণ করেন না।

পোপ যিশু খ্রিস্টকে ‘শান্তির রাজা’ হিসেবে উল্লেখ করে বলেন, যিশু চিরকালই সহিংসতার বদলে নম্রতা ও ত্যাগের পথ বেছে নিয়েছিলেন। এমনকি চরম মৃত্যুযন্ত্রণার মুখে দাঁড়িয়েও তিনি অস্ত্র তুলে নিতে অস্বীকার করেছিলেন। পোপের মতে, যিশুর জীবন এবং আদর্শ ছিল যুদ্ধ ও আগ্রাসনের ঠিক বিপরীত।

ধর্মগ্রন্থ বাইবেলের উদ্ধৃতি টেনে পোপ সতর্ক করে দেন যে, কোনো অবস্থাতেই সংঘর্ষ বা রক্তপাতকে সমর্থন করার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয়। বাইবেলের একটি পংক্তি উল্লেখ করে তিনি বলেন, “তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি শুনব না, কারণ তোমাদের হাত রক্তে ভেজা।”

পোপ আরও যোগ করেন যে, যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন মানুষের মধ্যবর্তী বিভাজনের দেওয়াল ভেঙে সকলকে কাছাকাছি আনতে। জেরুজালেমে গাধার পিঠে চড়ে তাঁর প্রবেশ ছিল মূলত বিনয় এবং যুদ্ধ প্রত্যাখ্যানের এক জ্বলন্ত প্রতীক। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মাঝে পোপের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *