রজনীকান্তের জেলার টু ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় শাহরুখ খান বিনোদুনিয়ার সবচেয়ে বড় ধামাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণী সিনেমার ‘ঈশ্বর’ রজনীকান্ত এবং বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবার একই ফ্রেমে ধরা দিতে চলেছেন। নেলসন দীলিপকুমার পরিচালিত বহুপ্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-তে এই দুই মহারথীর ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। জল্পনা ছিল অনেকদিন ধরেই, তবে এবার জানা যাচ্ছে এই ছবিতে এক প্রভাবশালী পুলিশ অফিসারের চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে শাহরুখ খানকে।
চলতি মাসেই ছবির শুটিং শুরু হয়েছে এবং তা এখন অন্তিম পর্যায়ে। সূত্রের খবর, শাহরুখের অংশের শুটিং শেষ করতে আর মাত্র ৭-৮ দিন সময় লাগবে, যা এই মাসেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে। এর আগে অভিনেতা মিঠুন চক্রবর্তী এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে, এই মেগা প্রজেক্টে রজনীকান্ত ও শাহরুখের পাশাপাশি মোহনলাল, রম্য কৃষ্ণন এবং শিবা রাজকুমারকেও দেখা যাবে।
বলিউড ও দক্ষিণী সিনেমার এই মেলবন্ধনে ‘জেলার ২’ ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন এবং টানটান উত্তেজনা। মিঠুন চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী, এই তারকাখচিত ছবিতে বিদ্যা বালান এবং নোরা ফতেহির একটি আইটেম ডান্স থাকার সম্ভাবনাও রয়েছে। দুই সুপারস্টারের এই ঐতিহাসিক উপস্থিতি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।

