লেটেস্ট নিউজ

রঞ্জি ট্রফির ফাইনালে তুলকালাম: কর্ণাটকের ফিল্ডারকে ঢুঁসো মারলেন জম্মু-কাশ্মীরের অধিনায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিনে এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। জম্মু-কাশ্মীরের ইনিংসের ১০১তম ওভারে কর্ণাটকের ফিল্ডার কেভি অনীশের স্লেজিংয়ে মেজাজ হারিয়ে তাঁকে সজোরে ঢুঁসো মারেন অধিনায়ক পারস ডোগরা। পরিস্থিতি সামলাতে আম্পায়ারদের রীতিমতো হিমশিম খেতে হয়।

এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। কর্ণাটকের সিনিয়র ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল প্রতিবাদ জানালে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন পারস। এমনকি জম্মু-কাশ্মীরের কোচ অনিল শর্মাও অধিনায়কের এই আচরণে ডাগআউটে বিরক্তি প্রকাশ করেন। পরে ইশারায় ক্ষমা চাইলেও অনীশ তা গ্রহণ করেননি।

ম্যাচের আম্পায়াররা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং খেলা শেষে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে। লাল কার্ডের নিয়ম না থাকায় পারস আপাতত পার পেলেও, শৃঙ্খলাভঙ্গের দায়ে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। মাঠের উত্তেজনা সত্ত্বেও জম্মু-কাশ্মীর মজবুত অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *