রণক্ষেত্র মুর্শিদাবাদ! রামনবমীর মিছিলে ব্যাপক পাথরবৃষ্টি ও অগ্নিসংযোগ, জারি ১৬৩ ধারা – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জ থানা এলাকায় মিছিল পৌঁছালে গান বাজানো নিয়ে বচসা থেকে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দফায় দফায় পাথরবৃষ্টি ও ভাঙচুরের পর উত্তেজিত জনতা বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে রঘুনাথগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। ঘটনার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি, অন্যদিকে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

