রণবীর সিংয়ের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ কর্ণাটক হাইকোর্ট, অভিনেতাকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। গোয়ায় একটি অনুষ্ঠানে ‘কান্তারা’ ছবির দেবতাকে নিয়ে অসংবেদনশীল মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এই মামলা হয়। শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট জানান, জনসমক্ষে কথা বলার সময় রণবীরের মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া উচিত।
আদালত পর্যবেক্ষণ করেছে যে, ইন্টারনেট কোনো ভুল ভোলে না, তাই আলগা মন্তব্য করা অনুচিত। যদিও রণবীরের আইনজীবী স্বীকার করেছেন যে অভিনেতার আচরণ ছিল অসংবেদনশীল এবং তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, এটি কেবল অসাবধানতা নয় বরং বেপরোয়া আচরণ, যা কর্ণাটকের মানুষের আবেগে ও আত্মায় আঘাত হেনেছে।
রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় গোষ্ঠীগত শত্রুতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিনেতা ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য ছিল কেবল ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করা এবং তিনি প্রতিটি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে অভিনেতাকে ভবিষ্যতে নিজের বাচনভঙ্গি নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

