রণসঙ্কল্প সভা থেকে নন্দীগ্রামে অভিযান: ভোটের প্রচারে ঝড় তুলছেন অভিষেক – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে। গত ১২ বছরের রেওয়াজ মেনে আগামী মঙ্গলবার নিজের জেলা থেকেই ভোটযুদ্ধ শুরু করবেন তিনি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রচার শুরু করার পরদিনই জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক।
বুধবার অভিষেকের মূল লক্ষ্য শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম। ওই দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা শেষে তিনি নন্দীগ্রামে কর্মিসভা করবেন। সম্প্রতি শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর তৃণমূলে যোগ দিয়ে নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন। মূলত হিন্দু ভোটব্যাঙ্কে ফাটল ধরাতেই এই রণকৌশল নিয়েছে ঘাসফুল শিবির।
বিগত নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর এবার বিশেষ অঙ্ক কষছে শাসকদল। বিশেষ করে নন্দীগ্রাম-২ ব্লকের হিন্দু ভোটারদের মন পেতে ‘হিন্দু মুখ’ পবিত্র করের ওপর ভরসা রাখা হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থিতালিকা ঘোষণা এবং প্রচারের ঝোড়ো সূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

