রবীন্দ্রনাথের নাকের ওপর বিজেপির স্টিকার ঘিরে ধুন্ধুমার তুঙ্গে উঠল বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার সাঁকরাইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির ওপর বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র স্টিকার লাগানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ দুইলা হাইস্কুলের দেওয়ালে পড়ুয়াদের আঁকা মনীষীদের ছবির ওপর এই স্টিকার সাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে বিষয়টি তাঁদের নজরে আসে। স্কুলের ভেতরে সিসিটিভি থাকলেও বাইরে না থাকায় এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মঙ্গলবার সকালে দেখা যায়, বিতর্কিত সেই স্টিকারটি আর সেখানে নেই। রাতের অন্ধকারেই কেউ সেটি সরিয়ে ফেলেছে বলে অনুমান করা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী অভিযোগ করেছেন, বিজেপি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বোঝে না এবং এই অপসংস্কৃতির জবাব মানুষ নির্বাচনের মাধ্যমেই দেবে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য দাবি করেছেন, এটি তৃণমূল কর্মীদের কাজ এবং তারা নিজেদের দোষ বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বিজেপি সব সময় মনীষীদের সম্মান করে বলেই তিনি জানান।

