লেটেস্ট নিউজ

রবীন্দ্রনাথ শান্তিতে নোবেল পেয়েছেন! বিজেপি সভাপতির মন্তব্যে তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলা ও বাঙালির আবেগ নিয়ে ফের ‘লেজেগোবরে’ দশা বিজেপির। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে নেতাজি— মনীষীদের নাম ও তথ্য নিয়ে অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন পদ্ম শিবিরের নেতারা। এবার সেই তালিকায় নবতম সংযোজন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার দুর্গাপুরের দলীয় কর্মিসভায় তিনি দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ‘শান্তিতে’ নোবেল পুরস্কার পেয়েছেন!

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পেলেও বিজেপি সভাপতির মুখে শোনা গেল ভিন্ন কথা। তাঁর দাবি, “কবিগুরু বিশ্বকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছেন, তাই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।” শুধু তাই নয়, রবীন্দ্রনাথের পদবির সঙ্গে ‘জি’ যোগ করে উত্তর ভারতীয় ঢঙে ‘ঠাকুরজি’ সম্বোধন এবং শান্তিনিকেতনকে ‘সংস্থা’ বলে অভিহিত করায় রবীন্দ্রপ্রেমী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বঙ্গ রাজনীতিতে যখন এই নিয়ে হাসির রোল উঠেছে, তখন ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তিনি বিষয়টিকে ‘বিশ্বশান্তির প্রতীক’ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করলেও, রাজনৈতিক মহলের মতে, ভিনরাজ্যের নেতাদের ‘হোমটাস্ক’ না করার খেসারত দিচ্ছে বঙ্গ বিজেপি। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মাতঙ্গিনী হাজরার নাম ভুল উচ্চারণের পর এই নতুন বিভ্রাট বাঙালির আত্মসম্মানে ফের আঘাত হানল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *