রাজনীতিতে আসার জল্পনা ওড়ালেন অভয়ার পরিবার, অর্জুন সিংয়ের সৌজন্য সাক্ষাৎ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনে অভয়ার বাবা-মায়ের প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করলে এই গুঞ্জন আরও জোরালো হয়। তবে সাক্ষাতের পর অভয়ার পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁদের বর্তমান লক্ষ্য কেবল ন্যায়বিচার পাওয়া, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা তাঁদের নেই।
অর্জুন সিং এই সাক্ষাৎকে সম্পূর্ণ ‘সৌজন্যমূলক’ বলে দাবি করেছেন। তিনি জানান, আগামী ১৪ তারিখ প্রধানমন্ত্রীর সফরকালে তিনি এই পরিবারের ন্যায়বিচারের দাবির বিষয়টি তুলে ধরার চেষ্টা করবেন। অন্যদিকে, অভয়ার বাবা-মা অভিযোগ করেছেন যে দীর্ঘ সময় ধরে মামলার শুনানিতে জটিলতা তৈরি হচ্ছে এবং বারবার এজলাস বদল হওয়ায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু থেকে রাজনৈতিক দলগুলি যোগাযোগ না রাখায় এখন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। অভয়ার মা আবেগপ্রবণ হয়ে বলেন, মেয়ের স্বপ্ন পূরণ হওয়াই ছিল তাঁদের একমাত্র লক্ষ্য, যা এখন শেষ হয়ে গিয়েছে। বর্তমানে কোনো রাজনৈতিক লড়াই নয়, বরং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই তাঁদের জীবনের একমাত্র অঙ্গীকার।

