রাজস্থানে প্রজাতন্ত্র দিবসের আগে বানচাল নাশকতার ছক: উদ্ধার ১০ হাজার কেজি বিস্ফোরক! – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থানের নাগৌর জেলায় পুলিশের বড়সড় অভিযানে বানচাল হলো নাশকতার ছক। শনিবার রাতে হারসৌর গ্রামের একটি ফার্ম হাউস থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ১৮৭টি বস্তায় রাখা এই রাসায়নিক বিস্ফোরক তৈরির অন্যতম প্রধান উপাদান। এ ঘটনায় সুলেমান খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে প্রচুর পরিমাণে ডেটোনেটর ও তারও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। এই বিশাল মজুত রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহত্তম উদ্ধার। নাশকতার উদ্দেশ্যে জেলাজুড়ে বিস্ফোরক কেনা-বেচার গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। বর্তমানে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।

