লেটেস্ট নিউজ

রাজস্থান রয়্যালস বিক্রিতে ওয়ার্ন পরিবারের প্রাপ্তি ৪৫০ কোটি টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শেন ওয়ার্নের দূরদর্শী সিদ্ধান্তে বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে যাচ্ছে তার পরিবার। সম্প্রতি ১৫,২৮৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি হওয়ায় প্রয়াত এই ক্রিকেটারের উত্তরাধিকারীরা প্রায় ৪৫০ কোটি টাকা পাচ্ছেন। ২০০৮ সালে দলের অধিনায়ক ও কোচের দায়িত্ব নেওয়ার সময় চুক্তিতে রাখা বিশেষ মালিকানা শর্তের কারণেই এই প্রাপ্তি নিশ্চিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, রাজস্থান রয়্যালসের ক্রিকেটীয় সব সিদ্ধান্ত নেওয়ার বিনিময়ে প্রতি বছর দলের ০.৭৫ শতাংশ মালিকানা দাবি করেছিলেন ওয়ার্ন। চার বছর দায়িত্ব পালনের সুবাদে ফ্র্যাঞ্চাইজিটিতে তার মোট ৩ শতাংশ অংশীদারিত্ব তৈরি হয়। বর্তমানে পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় সেই ৩ শতাংশ শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকা। ২০২২ সালে থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তি লেগ স্পিনারের।

তবে এই অর্থ হাতে পেতে ওয়ার্ন পরিবারকে ২০২৬ সালের আইপিএল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর তারা চাইলে নিজেদের অংশ বিক্রি করতে পারবেন, তবে তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন হবে। বর্তমানে সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ফ্র্যাঞ্চাইজিটির শতভাগ মালিকানা কিনে নিয়েছে, যার মধ্যে ওয়ালমার্ট ও ফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের কর্ণধাররাও অন্তর্ভুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *