রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গে হলুদ সতর্কতা, কলকাতায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই জেলাগুলিতে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম, প্রায় ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছানোয় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সামগ্রিকভাবে আগামী এক দিন রাজ্যজুড়ে এই অস্থির আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে।

