লেটেস্ট নিউজ

রাজ্যবাসীর উদ্দেশে আবেগঘন খোলা চিঠি, বাংলা আমার দ্বিতীয় বাড়ি জানালেন বিদায়ী রাজ্যপাল – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পদত্যাগ করে রাজ্যবাসীকে আবেগঘন খোলা চিঠি লিখলেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার কলকাতা ছেড়ে কেরলে রওনা হওয়ার আগে তিনি জানান, পশ্চিমবঙ্গ এখন তাঁর কাছে দ্বিতীয় বাড়ির মতো। চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর উক্তি উদ্ধৃত করে তিনি বাংলার মাটি ও মানুষের সঙ্গে নিজের গভীর আত্মিক টানের কথা উল্লেখ করেছেন।

বিদায়ের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে পুনরায় বাংলায় ফিরে আসার অনুরোধ জানান। চিঠিতে আনন্দ বোস লিখেছেন, বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতি, সাহিত্য এবং সাধারণ মানুষের আন্তরিকতা তাঁর জীবনের এক অমূল্য অধ্যায় হয়ে থাকবে। রাজ্যের বিভিন্ন জেলা সফর এবং সাধারণ মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁর কাছে চিরস্মরণীয়।

চিঠির শেষাংশে তিনি পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ‘মা দুর্গা সকলকে রক্ষা করুন’ বলে প্রার্থনা জানিয়েছেন। নির্ধারিত মেয়াদের দেড় বছর আগেই তাঁর এই পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে বিদায়ী রাজ্যপাল স্পষ্ট করেছেন যে, তিনি বাংলার ভোটার হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পুনরায় এই রাজ্যে ফিরে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *