রাজ্যে ইডি ডিরেক্টর: আইপ্যাক কাণ্ডের মাঝেই তুঙ্গে তৎপরতা – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপ্যাক অফিসে তল্লাশি ও কয়লা পাচার মামলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি। বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অফিসের নিরাপত্তা খতিয়ে দেখাই তাঁর এই ঝটিকা সফরের মূল লক্ষ্য।
অন্যদিকে, আইপ্যাক কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছে ইডি। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ওপর এই আইনি তৎপরতা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ডিরেক্টরের এই সফর তদন্তে নতুন কোনো মোড় আনে কি না, সেদিকেই নজর সকলের।

