রাজ্যে একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল এসএসসি – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার সন্ধ্যায় প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট ১৯ হাজার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ১২,৪৪৫টি শূন্যপদের বিপরীতে এই মেধাতালিকা প্রকাশ করা হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এই তালিকায় যেমন সফল প্রার্থীদের নাম রয়েছে, তেমনই স্বচ্ছতা বজায় রাখতে অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকাও জনসমক্ষে আনা হয়েছে।
কমিশন সূত্রে খবর, সফল মেধাতালিকাভুক্ত প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি থেকে নিয়োগের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আইনি জটিলতা কাটিয়ে এই মেধা তালিকা প্রকাশিত হওয়ায় কয়েক হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রার্থীরা তাঁদের ফলাফল দেখে নিতে পারবেন। শিক্ষক নিয়োগের এই চূড়ান্ত প্যানেল ঘিরে এখন রাজ্যজুড়ে নতুন করে আশার আলো দেখছেন যোগ্য প্রার্থীরা।

