রাজ্যে কালবৈশাখীর দাপট: দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, সপ্তাহজুড়ে চলবে ঝড়-বৃষ্টি – এবেলা
এবেলা ডেস্কঃ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির পর সপ্তাহের শেষে দুর্যোগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ—সর্বত্রই কালবৈশাখীর দাপট বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ২৩ মার্চ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
আগামী ২০ মার্চ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানসহ বেশ কিছু জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এই সময়ে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। ২১ মার্চও হাওড়া, হুগলি ও মেদিনীপুরসহ একাধিক জেলায় ঝড়ের সতর্কতা রয়েছে। কলকাতায় বর্তমানে আকাশ মেঘলা থাকলেও শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও ২১ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কমেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর রাজ্যে কালবৈশাখীর সংখ্যা ও তীব্রতা দুই-ই বাড়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ জনজীবনকে প্রভাবিত করতে পারে।

