রাজ্যে কালবৈশাখীর দাপট: ১২ জেলায় শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ের সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণবঙ্গজুড়ে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে তৈরি হওয়া এই অস্থির আবহাওয়ার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
বিপত্তি বাড়াতে পারে শিলাবৃষ্টি। হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম-সহ দক্ষিণবঙ্গের মোট ১২টি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতেও বইছে দমকা হাওয়া।
উত্তরবঙ্গের চিত্রও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যের দুই প্রান্তেই এই দুর্যোগ বজায় থাকতে পারে। রবিবারের পর থেকে হাওয়ার গতিবেগ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

