লেটেস্ট নিউজ

রাজ্যে বিধানসভা ভোটের জোর প্রস্তুতি, ২৯৪টি আসনে রিটার্নিং অফিসার নিয়োগ সম্পন্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে তুলে বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য পূর্ণাঙ্গ রিটার্নিং অফিসারদের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে পাঠিয়েছেন। ভোটার তালিকা সংশোধনের কাজ চলার মাঝেই এই প্রশাসনিক নিয়োগ নির্বাচনের তৎপরতা আরও বাড়িয়ে দিল।

কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার রিটার্নিং অফিসার হিসেবে অভিজ্ঞ ও উচ্চপদস্থ আধিকারিকদের ওপর ভরসা রাখা হয়েছে। এই তালিকায় অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব এবং জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অফিসাররা রয়েছেন। এছাড়া ভূমি অধিগ্রহণ ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের বিশেষ আধিকারিকদেরও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত স্বচ্ছতা বজায় রাখতেই প্রশাসনের বিভিন্ন স্তরের অভিজ্ঞ আধিকারিকদের এই প্রক্রিয়ায় শামিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাম্প্রতিক রাজ্য সফরের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে ন্যূনতম মহকুমাশাসক বা সমমর্যাদার অফিসারদের এই পদের জন্য সুপারিশ করেছিলেন। আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকরা এই দায়িত্ব পালন করলেও, এবার সেই রীতি বদলে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করল কমিশন। রাজ্যের মুখ্যসচিবের সাথে আলোচনার ভিত্তিতেই এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *