লেটেস্ট নিউজ

রাজ্যে ভোটের মুখে কারা দফতরে বড় রদবদল, ডিজি পদে এলেন নটরাজন রমেশ বাবু – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটানো হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কারা দফতরের নতুন ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে নিয়োগ করা হয়েছে ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবুকে। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তাঁকে বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়েছিল কমিশন। মূলত নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কারা দফতর নিয়ে কমিশনের কাছে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ ছিল, ভোটের আগে জেল থেকে অপরাধীদের মুক্তি দেওয়া হয়, যা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্য সফরে এসে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই জেলের শীর্ষপদে পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব ও পুলিশ মহলে একগুচ্ছ বদলি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, পূর্বতন কারা প্রধান সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের ডিজি পদে আনা হয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সাধারণত কারা দফতরে সরাসরি হস্তক্ষেপ না করলেও, এবার কড়া নজরদারি নিশ্চিত করতেই কমিশন নিজে এই নিয়োগ সম্পন্ন করল। এই সিদ্ধান্ত ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *