লেটেস্ট নিউজ

রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, অপসারিত একঝাঁক শীর্ষকর্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার বিধানসভা নির্বাচনকে অবাধ ও প্রভাবমুক্ত করতে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। সোমবার এক নজিরবিহীন নির্দেশিকায় সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, পুলিশ মহানির্দেশক পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। কমিশনের সাফ বার্তা, অপসারিত এই কর্তাদের নির্বাচনের কোনো প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত রাখা যাবে না।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবারই পেশিশক্তি ও হিংসামুক্ত ভোটের আশ্বাস দিয়েছিলেন। সেই লক্ষ্যেই এই প্রশাসনিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ভোট প্রস্তুতির পর্যালোচনার পর প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতেই এই কড়া পদক্ষেপ। ২৩ ও ২৯ এপ্রিলের ভোটের আগে নবান্নের শীর্ষস্তরে এমন গণ-বদলি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে ‘গণতান্ত্রিক পরাজয়’ হিসেবে ব্যাখ্যা করলেও বিজেপি ও বাম শিবির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। কমিশনের এই কড়া বার্তায় স্পষ্ট যে, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। বর্তমানে অপসারিত আধিকারিকদের শূন্যস্থানে নতুন নাম চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *