লেটেস্ট নিউজ

রাজ্য স্বাস্থ্যদপ্তরে বিপুল নিয়োগ, কর্মসংস্থানের জোয়ার বাংলায়

নির্বাচনের প্রাক্কালে রাজ্যের স্বাস্থ্যদপ্তরে বড়সড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। জিএনএম নার্সিং, স্টাফ নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট এবং সহকারী অধ্যাপকসহ বিভিন্ন পদে প্রায় ৯ হাজার শূন্যপদে নিয়োগের কাজ চলছে। স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার ৩৬৩টি জিএনএম নার্সিং পদের বিপরীতে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল, যার প্যানেল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ২ হাজার ৬১১ জন স্টাফ নার্স নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মেডিক্যাল কলেজগুলোতে পঠনপাঠন ও পরিষেবা উন্নত করতে ৪১৬ জন সহকারী অধ্যাপক নিয়োগ করেছে স্বাস্থ্যদপ্তর। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও) পদের ১ হাজার ২২৭টি শূন্যপদের জন্য আটগুণ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি গ্রামীণ ও শহরতলি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদেও নিয়োগের তৎপরতা তুঙ্গে। ৮০৭টি টেকনোলজিস্ট পদের জন্য ৪ হাজার ২৯৭ জন আবেদনকারীর মধ্যে থেকে যোগ্যদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে সরকারি হাসপাতালগুলোতে কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে। স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের এই বিপুল সুযোগ চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির হাওয়া নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *