রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয় ২’-এর ট্রেলার প্রকাশ, ফিরছেন অনিমেষ দত্ত
ওটিটি প্ল্যাটফর্মে তুমুল সাফল্যের পর আবারও ফিরছে রাজ চক্রবর্তীর জনপ্রিয় সিরিজ ‘আবার প্রলয়’। বৃহস্পতিবার প্রকাশ্যে এল সিরিজের দ্বিতীয় সিজনের টানটান ট্রেলার। এবারের গল্পের প্রেক্ষাপট ব্যারাকপুর, যেখানে নারী পাচারের পাশাপাশি উঠে এসেছে খুন ও ভয়াবহ ডাকাতির ছক। ভিনরাজ্যের দুষ্কৃতীদের দমন করতে আবারও পর্দায় দাপিয়ে বেড়াবেন শাশ্বত চট্টোপাধ্যায় ওরফে ইন্সপেক্টর অনিমেষ দত্ত।
পরিচালক রাজ চক্রবর্তী এবার বিনোদনের সাথে বাঙালি অস্মিতার বার্তাও ফুটিয়ে তুলেছেন। ট্রেলারে অনিমেষ দত্তর মুখে ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’ সংলাপটি বিশেষ নজর কেড়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় নির্মিত এই সিরিজটি অপরাধ দমনের এক নতুন ব্লু-প্রিন্ট তুলে ধরবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে জি-ফাইভ (ZEE5) প্ল্যাটফর্মে শুরু হবে ‘আবার প্রলয় ২’-এর স্ট্রিমিং। প্রথম সিজনে সুন্দরবনের নারী পাচার চক্রের গল্প মন জয় করেছিল দর্শকদের। এবার ব্যারাকপুরের প্রেক্ষাপটে অপরাধীদের রুখতে অনিমেষ দত্তর রণংদেহি মেজাজ দর্শকদের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নতুন এই সিজনে রহস্য, অ্যাকশন এবং সামাজিক বার্তার এক অনবদ্য মিশেল দেখার অপেক্ষায় অনুরাগীরা।

