রাতভর ভারত বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা শাহবাগ
নেতা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাকার শাহবাগ মোড়ে রাতভর বিক্ষোভ দেখিয়েছে ইনকিলাব মঞ্চ। কট্টরপন্থী এই নেতার ওপর হামলার প্রতিবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র স্লোগান দেয়। আন্দোলনকারীদের দাবি, আগামী ২৭ কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়েছেন নিহতের ভাই শরিফ ওমর বিন হাদি।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের নির্দল প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। হামলাকারী ফয়সল করিম ভারতে পালিয়ে গেছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ তুললেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। বিতর্কিত মানচিত্র পোস্ট করে আলোচনায় আসা হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকার রাজপথে চরম উত্তেজনা বিরাজ করছে। খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

