লেটেস্ট নিউজ

রাতের আঁধারে বাগানে কোটি টাকার ‘মরণখেলা’! পুলিশের ঝটিকা অভিযানে শ্রীঘরে ৫ পাণ্ডা – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার কালিয়াচকের শেরশাহী এলাকার একটি আম-লিচু বাগানে রাতের অন্ধকারে ব্রাউন সুগার তৈরির গোপন কারখানায় হানা দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চালানো এই অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে তসলিম শেখ ও আব্দুল্লাহ শেখসহ মোট পাঁচজন মাদক কারবারিকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৪০০ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার, আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২ কোটি টাকারও বেশি। তল্লাশিতে একটি বিশেষ কন্টেনার ও মাদক তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিবেশী রাজ্যগুলো থেকে কাঁচামাল এনে কালিয়াচকে এই মাদক তৈরির জাল বিস্তৃত হয়েছে। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গত দুই মাসে জেলায় বিপুল পরিমাণ মাদকসহ ৯০ জনকে গ্রেপ্তার করা হলেও এই চক্রের মূল হোতা ও পলাতকদের ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে। মাদকের এই সংঘবদ্ধ চক্রের শেকড় উপড়ে ফেলতে তদন্তকারীরা এখন সরবরাহকারীদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *