রাত জাগা নারী কর্মীদের সুরক্ষায় এবার উদয়নারায়ণপুর হাসপাতাল পেল রাজ্য সরকারের রাত্রিসাথী প্রকল্প – এবেলা
এবেলা ডেস্কঃ
উলুবেড়িয়া: আরজি কর কাণ্ডের পর মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাতের শিফটে নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার বিকেলে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘রাত্রিসাথী’ প্রকল্প। এর পাশাপাশি হাসপাতালে নবনির্মিত ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’-এরও উদ্বোধন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত্রিসাথী প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের জন্য পৃথক বিশ্রামাগার, সিসি ক্যামেরা এবং অ্যালার্ম সিস্টেমসহ মোট ১০টি বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুলেখা পাঁজার সহযোগিতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ১২ শয্যার অত্যাধুনিক চাইল্ড হাবটিও সাধারণের জন্য খুলে দেওয়া হয়।
এদিন দুটি প্রকল্পেরই উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। উল্লেখ্য, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের ওপর হাওড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলার বহু মানুষ নির্ভরশীল। নতুন এই পরিষেবার ফলে বিশেষ করে প্রসূতি ও শিশুদের চিকিৎসার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

