রানাঘাটে বিজেপির ঘরেই আগুন দুই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কার্যালয়ে তুলকালাম ভাঙচুর – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির শক্ত ঘাটি রানাঘাটেও এবার আছড়ে পড়ল প্রার্থী অসন্তোষের আঁচ। রানাঘাট উত্তর-পূর্ব এবং রানাঘাট দক্ষিণ— এই দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দুই ‘অসীম’-কে মেনে নিতে নারাজ ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। শনিবার দুপুরে রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দলীয় কার্যালয়ে ডঙ্কা ও কাঁসর বাজিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে মেজাজ হারিয়ে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
বিক্ষোভকারীদের সাফ দাবি, অবিলম্বে অসীম বিশ্বাস ও অসীমকুমার বিশ্বাসের প্রার্থিপদ প্রত্যাহার করতে হবে। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্থানীয় নেতৃত্ব।
পাল্টা প্রতিক্রিয়ায় রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাস বলেন, “এর পেছনে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের থেকে টাকা নিয়ে মুষ্টিমেয় কয়েকজন এই গণ্ডগোল করছে। আমি বাড়ি বাড়ি যাব এবং মানুষের আশীর্বাদেই জিতব।” পাহাড় থেকে সমতল, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পদ্মশিবিরে যে বিক্ষোভের ছবি ধরা পড়ছে, রানাঘাটের এই ঘটনা সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

