রানিগঞ্জে মমতার মেগা জনসভা: শিল্পাঞ্চলের গড় দখলে তৃণমূল নেত্রীর নয়া দাওয়াইয়ের অপেক্ষায় কর্মীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ শনিবার রানিগঞ্জের খান্দরায় তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। শুক্রবারই তিনি দুর্গাপুরে পৌঁছেছেন এবং দলীয় প্রার্থীর হোটেলে অবস্থান করছেন। এর আগে পাণ্ডবেশ্বরের সভায় কর্মীদের জয়ের মন্ত্র দিয়েছেন নেত্রী, যা শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণকে আরও তপ্ত করে তুলেছে।
রানিগঞ্জ আসনটি তৃণমূলের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। ২০১১ সালে জয় পেলেও ২০১৬ সালে বামেরা এটি পুনরুদ্ধার করে, তবে ২০২১ সালে পুনরায় ঘাসফুল শিবিরের দখলে আসে। এবার আসানসোল দক্ষিণের লড়াইয়ে তাপস বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে রানিগঞ্জের দুর্গ রক্ষায় ব্লক সভাপতি কালোবরণ মণ্ডলের ওপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীর সমর্থনে নেত্রীর এই সশরীরে উপস্থিতি কর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
রাজনৈতিক মহলের নজর এখন মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে। বিশেষ করে বিরোধী শিবিরের অস্ত্র মিছিলের পাল্টা জবাব এবং রানিগঞ্জের দীর্ঘদিনের অমীমাংসিত পুনর্বাসন প্রকল্প নিয়ে তিনি কী বার্তা দেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ হাজার মানুষের পুনর্বাসন ও এলাকার উন্নয়নই এবারের নির্বাচনে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জেলা সভাপতি নরেন্দ্রণাথ চক্রবর্তী জেলার সবকটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

