লেটেস্ট নিউজ

রান্নাঘরের গ্যাসে কেন্দ্রের রাশ, সিলিন্ডার বুকিংয়ে নতুন সময়সীমা কার্যকর – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েল-ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় রান্নার গ্যাসের জোগানে টান পড়ার আশঙ্কায় নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানিয়েছেন, এখন থেকে রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ‘লক-ইন পিরিয়ড’ মেনে চলতে হবে। আমজনতার মধ্যে গ্যাস মজুত করার প্রবণতা রুখতেই এই কৃচ্ছ্রসাধন বলে জানিয়েছে মন্ত্রক।

নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে একটি সিলিন্ডার নেওয়ার পর দ্বিতীয়টি বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে। গ্রামাঞ্চল ও দুর্গম এলাকার ক্ষেত্রে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ দিন। যদিও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেছেন যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তবুও এই কঠোর সীমাবদ্ধতা সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।

মন্ত্রকের মতে, যুদ্ধের প্রভাবে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলেও অভ্যন্তরীণ মজুত স্বাভাবিক। তবে আতঙ্কিত গ্রাহকরা যাতে অতিরিক্ত সিলিন্ডার সংগ্রহ করতে না পারেন, সেজন্যই এই পদক্ষেপ। লক-ইন পিরিয়ড চলাকালীন কোনোভাবেই নতুন বুকিং করা যাবে না। প্রয়োজনের সময় গ্যাস পাওয়া যাবে কি না, তা নিয়ে দেশজুড়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *