লেটেস্ট নিউজ

রান্নার গ্যাসের আকাল ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালগোলায় কংগ্রেসের অভিনব ‘শবযাত্রা’ মিছিল – এবেলা

এবেলা ডেস্কঃ

রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং সিলিন্ডার সরবরাহে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে সরব হলো লালগোলা ব্লক কংগ্রেস। সোমবার এক অভিনব প্রতিবাদী মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডারকে খাটিয়ায় করে শবযাত্রার আদলে নিয়ে যাওয়া হয়। খোল-করতাল বাজিয়ে এবং মাটির উনুনে রান্না করে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান কয়েকশো কর্মী-সমর্থক। লালগোলা বাজার পরিক্রমা শেষে স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গ্রামের গ্রাহকদের একটি সিলিন্ডারের জন্য প্রায় ৪৫ দিন এবং শহরের বাসিন্দাদের ২৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ব্লক সভাপতি যদুরাম ঘোষের নেতৃত্বে এই মিছিলে মহকুমা সভাপতি মোর্তাজা হোসেন ও মহিলা কংগ্রেস নেত্রী দীপশিখা হালদারসহ অন্যান্য বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা রান্নার গ্যাসের ওপর থেকে অতিরিক্ত কর প্রত্যাহার এবং দ্রুত সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিজেপি ও তৃণমূল উভয় সরকারকেই সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে ব্যর্থ বলে তোপ দাগেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এই অভিনব প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *