লেটেস্ট নিউজ

রান্নার গ্যাসের জোগান নিয়ে আশ্বস্ত করল কেন্দ্র, আতঙ্কিত না হওয়ার পরামর্শ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি আমদানিতে সাময়িক ব্যাঘাত ঘটলেও রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সিলিন্ডার সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে মজুত করার প্রবণতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই এবং গ্যাসের জোগান স্থিতিশীল রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পিটিআই সূত্রের খবর অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পেট্রোলিয়াম মন্ত্রক দেশে এলপিজি উৎপাদন ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। এছাড়া আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথ ব্যবহার শুরু করা হয়েছে, যাতে তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে। বুধবার এক বিবৃতিতে মন্ত্রক স্পষ্ট করেছে যে, বুকিং নিয়ে উদ্বেগের কিছু নেই এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে তারা যেন অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুকিং বা গ্যাস মজুত না করেন। এই ধরনের প্রবণতা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। সরকারি আশ্বাসের পর সাধারণ মানুষকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বিকল্প সরবরাহ ব্যবস্থার মাধ্যমে গ্যাসের ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *