রান্নার গ্যাসের সংকট মোকাবিলায় কঠোর কেন্দ্র, বুকিংয়ের নিয়মে বড় বদল – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে ভারতে রান্নার গ্যাসের সংকট রুখতে বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণে বিঘ্ন ঘটায় আমদানিতে কিছুটা প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে দেশে এলপিজি-র সঠিক সরবরাহ বজায় রাখতে এবং কালোবাজারি রুখতে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শহর এলাকায় দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২৫ দিন এবং গ্রামাঞ্চল বা দুর্গম এলাকায় তা ৪৫ দিন করা হয়েছে। এর আগে এই ব্যবধান ছিল ২১ দিন। কেন্দ্রীয় সরকারের মতে, আমদানির ওপর ৬০ শতাংশ নির্ভরশীলতা থাকলেও দেশে বর্তমানে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী জানান, উৎপাদন ইতিমধ্যেই ২৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে কলকাতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকায় দাঁড়িয়েছে। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই নতুন বিধিনিষেধ মূলত বণ্টন ব্যবস্থা সুশৃঙ্খল করতেই নেওয়া হয়েছে। গৃহস্থালির চাহিদা মেটাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

