রান্নার গ্যাসে সঙ্কট! এবার কি সত্যিই ইন্ডাকশনেই ভরসা করতে হবে? চিন্তায় বাড়ির বয়স্করা – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক পরিস্থিতির জেরে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের জোগানে টান পড়ায় রাজ্যজুড়ে তীব্র হাহাকার তৈরি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর থেকে শুরু করে মালদা জেলা সর্বত্রই গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। অনলাইনে বুকিং করতে না পেরে সাধারণ মানুষ সরাসরি ডিস্ট্রিবিউটরদের দ্বারে ভিড় করছেন। অভিযোগ উঠছে যে, নির্দিষ্ট বুকিং নম্বরগুলি কাজ করছে না এবং হঠাৎ করে বুকিংয়ের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিষেবা কার্যত ভেঙে পড়েছে।
গ্যাসের এই ঘাটতি সাধারণ হেঁশেল থেকে শুরু করে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। অনেক জায়গায় গ্যাসে তৈরি পদের সংখ্যা কমিয়ে কয়লার উনুন বা তন্দুর আইটেমের ওপর জোর দেওয়া হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে গৃহস্থালিতেও বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেনের চাহিদা তুঙ্গে। তবে প্রযুক্তিতে অভ্যস্ত নন এমন বয়স্ক নাগরিকরা এই নতুন ব্যবস্থায় রান্না করা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এই সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সাধারণ মানুষের রান্নাঘরে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। উপযুক্ত দূরদর্শিতার অভাবে এবং সিলিন্ডারের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে যা মজুত রয়েছে, তাতে দ্রুত জোগান স্বাভাবিক না হলে জনজীবন আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকছে।

