রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
সাপ্লাই চেইনে টান পড়ায় এলপিজি বুকিংয়ের সময়সীমায় বড় পরিবর্তন এনেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন থেকে যাদের বাড়িতে দুটি সিলিন্ডার আছে, তারা পরবর্তী রিফিল পাবেন ৩৫ দিন পর। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই অপেক্ষার সময় বাড়িয়ে করা হয়েছে ৪৫ দিন। তবে যাদের একটি সিলিন্ডার আছে, তারা আগের মতোই ২৫ দিন অন্তর বুকিং করতে পারবেন। বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডার শুধু জরুরি পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখা হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, হরমোজ প্রণালীর অস্থিরতায় বিশ্ববাজারে প্রভাব পড়লেও দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। মূলত ‘প্যানিক বায়িং’ বা অতিরিক্ত মজুত রুখতেই এই কৃত্রিম সংকট মোকাবিলায় বুকিংয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডারের কোটা ফুরিয়ে গেলে বাড়তি সিলিন্ডার পেতে এখন অ্যাপের মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা বা অনুষ্ঠানের তথ্য যাচাই করা হবে। এছাড়া জালিয়াতি রুখতে ডেলিভারির সময় ওটিপি দেখানো এবং ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

