লেটেস্ট নিউজ

রান্নার গ্যাস সংকটে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ, বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে রান্নার গ্যাসের জোগানে টান ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে চরম সংকটে রাজ্যের সাধারণ মানুষ। এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিকল্প পথ খোঁজা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বিশেষ করে অটোচালক, আইসিডিএস এবং মধ্যাহ্নভোজন প্রকল্পের ওপর এর প্রভাব নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও আগাম পরিকল্পনা বা প্রস্তুতি ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল নীতির কারণেই সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে বলে তিনি দাবি করেন। কেন্দ্রীয় নিয়ন্ত্রাধীন এই পরিষেবা সচল রাখতে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, সাধারণ মানুষের নূ্ন্যতম অধিকার কেড়ে নিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রশাসনিক আলোচনার পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রান্নার গ্যাসের সংকট ও বেআইনি মজুতদারির প্রতিবাদে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনে নামতে পারে শাসক দল। কলকাতা-সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্র যদি দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *