রামনবমী ও অন্নপূর্ণা পুজোয় মমতার শুভেচ্ছা, রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি – এবেলা
এবেলা ডেস্কঃ
রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি উৎসবের এই শুভক্ষণে সকলের সুখ, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নয়ন কামনা করেন। ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনের জন্য তিনি জনগণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।
রাজ্যজুড়ে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রেক্ষাপটে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিটি কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকেও উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উৎসবের আবহে রাজ্যের কিছু জায়গায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেছে। নিউটাউনে একটি শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে পুলিশ ও আয়োজকদের মধ্যে বচসা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুখ্যমন্ত্রী পুনরায় শান্তি ও ধৈর্য বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

