রামপ্রসাদী গানে মজলেন মোদী! হঠাৎ কেন শ্যামাসঙ্গীতে মন দিলেন প্রধানমন্ত্রী? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা ও দিল্লি: গত মাসে অমিত শাহের ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেওয়া থেকে ব্রিগেডের মঞ্চ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়া—বিজেপির শীর্ষ নেতৃত্বের ‘কালী-ভক্তি’ ইদানিং রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে সোহিনী মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত রামপ্রসাদী গান ‘কালী কালী বল রসনা’ শেয়ার করে কার্যত চমকে দিয়েছেন সকলকে।
প্রধানমন্ত্রী এই গানটি শেয়ার করে লিখেছেন, “মায়ের পুজো ভক্তদের মনে নতুন সাহস ও আত্মবিশ্বাস এনে দেয়। তাঁর উপাসনা মানুষকে নতুন শক্তি ও উৎসাহে ভরিয়ে তোলে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে বিজেপি মূলত ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে অভ্যস্ত, তাদের এই ভোলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পশ্চিমবঙ্গকে টার্গেট করে মোদী যেভাবে বারবার নিজেকে মা কালীর চরণে সঁপে দিচ্ছেন, তা আদতে ‘বাঙালি অস্মিতা’ ও আবেগকে ছোঁয়ার একটি সুপরিকল্পিত কৌশল বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি রাজ্য সফরে এসে মোদী সাফ জানিয়েছিলেন, ‘জয় শ্রীরাম’ আর ‘জয় মা কালী’ ধ্বনির মধ্যে কোনও ফারাক নেই। এমনকি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি কলকাতাকে মা কালীর ভূমি এবং কামাখ্যাকে মা কামাখ্যার ভূমি হিসেবে উল্লেখ করে দুই প্রান্তের মেলবন্ধনের কথা বলেন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর কাছে লেখা খোলা চিঠিতেও তিনি ‘জয় মা কালী’ লিখে সম্বোধন শুরু করেছিলেন। বিরোধীরা একে মোদীর ‘রাজনৈতিক ভোলবদল’ বলে কটাক্ষ করলেও, বঙ্গ বিজেপির পালে হাওয়া টানতে ‘কালী-শরণ’ যে বড় অস্ত্র হতে চলেছে, তা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পোস্টেই স্পষ্ট।

