লেটেস্ট নিউজ

রায়দিঘিতে ফিরছে সুদিন ৩ কোটি টাকায় তৈরি হচ্ছে অত্যাধুনিক এসি বাস টার্মিনাস – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। সুন্দরবন উন্নয়ন দফতরের জমিতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি অত্যাধুনিক বাস টার্মিনাস। সব কিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আধুনিক এই টার্মিনাসে যাত্রীদের জন্য থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত বসার সুব্যবস্থা।

মাঝে বালির জোগানজনিত সমস্যার কারণে নির্মাণকাজ সাময়িকভাবে থমকে গেলেও বর্তমানে ফের দ্রুত গতিতে কাজ চলছে। আগে এই স্থানে একটি আসাম্পূর্ণ ভবন পড়ে ছিল, যা সংস্কার করে এখন ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। এই টার্মিনাস চালু হলে রায়দিঘি ছাড়াও পাথরপ্রতিমা ও কুলতলি এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। বাসের পাশাপাশি এখানে ছোট গাড়ি রাখার জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় বিধায়ক ড. অলোক জলদাতা জানান, এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হল বাস, কারণ নিকটতম রেল স্টেশনটি প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এক সময় রায়দিঘি থেকে সরাসরি ধর্মতলা পর্যন্ত বাস চলত, যা বর্তমানে বন্ধ। নতুন টার্মিনাসটি চালু হলে সেই সমস্যা মিটবে এবং ভবিষ্যতে দিঘা বা হাওড়ার মতো দূরপাল্লার বাস পরিষেবাও এখান থেকে শুরু করা সম্ভব হবে। এই প্রকল্পের ফলে এলাকায় যানজট কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *