রায়দিঘির সেই মাস্টারস্ট্রোক কি এবার সঙ্কল্পপত্রে? শাহের হাত ধরে বিজেপির বড় চমক ২৮ মার্চ – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের ইস্তাহার প্রকাশের পাল্টা রণকৌশল সাজাল বিজেপি। স্রেফ ঘোষণা নয়, ইস্তাহার প্রকাশকে মেগা ইভেন্টে রূপ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৮ মার্চ তাঁর হাত ধরেই উন্মোচিত হতে চলেছে বিজেপির নির্বাচনী ‘সঙ্কল্পপত্র’।
রায়দিঘির জনসভা থেকে শাহ আগেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা, শূন্যপদে দ্রুত নিয়োগ এবং বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের মতো বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্ব মনে করছে, খোদ শাহের হাত দিয়ে এই প্রতিশ্রুতিগুলো সঙ্কল্পপত্র আকারে এলে তার রাজনৈতিক ওজন অনেক বাড়বে।
তৃণমূলের ইস্তাহারকে ‘পুরনো কথার পুনরাবৃত্তি’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তাপস রায়। তাঁর দাবি, রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের পরামর্শ নিয়ে তৈরি এই সঙ্কল্পপত্র হবে সেরা। ‘অন্নপূর্ণা ভান্ডার’ থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন— বাংলায় বিজেপির ক্ষমতার ব্লু-প্রিন্ট ঠিক কী হতে চলেছে, তার পূর্ণাঙ্গ রূপরেখা স্পষ্ট হবে এই শাহি সফরেই।

