রাশিয়ান সুন্দরীদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস – এবেলা
এবেলা ডেস্কঃ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শেষমেশ মেনে নিলেন যে কুখ্যাত জেফরি এপস্টিন ফাইলে নাম থাকা সেই দুই রাশিয়ান মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি গেটস ফাউন্ডেশনের একটি অভ্যন্তরীণ বৈঠকে এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তিনি। নিজের এই ‘ভুল’ আচরণের জন্য প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তিত্ব।
ফাউন্ডেশনের কর্মকর্তাদের সামনে গেটস স্পষ্ট জানান, অতীতে করা তাঁর কিছু ভুলের জন্য আজ অন্যরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই কারণে তিনি অত্যন্ত অনুতপ্ত। তবে ক্ষমা চাইলেও এপস্টিনের অসামাজিক বা অনৈতিক কাজের সঙ্গে নিজের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, তিনি কোনো অবৈধ কাজ করেননি এবং এপস্টিনের ডেরায় থাকা নির্যাতিতা তরুণীদের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ ছিল না।
এই বিতর্কের জেরেই সম্প্রতি ভারতে আয়োজিত হাই-প্রোফাইল ‘AI ইম্প্যাক্ট সামিট’-এ যোগ দেননি বিল গেটস। সুন্দর পিচাই বা স্যাম অল্টম্যানদের মতো প্রযুক্তি জগতের দিকপালরা উপস্থিত থাকলেও শেষ মুহূর্তে গেটসের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। যদিও ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আলোচনার মূল বিষয়বস্তু ঠিক রাখতেই গেটসের বক্তৃতা বাতিল করা হয়েছে, তবে আসল কারণ যে এই বিতর্কিত ফাইল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।
এপস্টিন ফাইলে নাম আসার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গেটস। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। তবে রাশিয়ান মহিলাদের সঙ্গে তাঁর এই ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রযুক্তি মহলে।

