রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব অভিজিৎ, পালটা কটাক্ষ কুণালের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে পুনরায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে জোরালো সওয়াল করলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে এক বিরাট কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে। তাঁর মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে রাজ্যে টানা ৭২ ঘণ্টার বনধ ডাকা উচিত।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন এবং রাজ্যে ৩র৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত।” বিজেপি সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই ইস্যুতে পালটা তোপ দেগেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের প্রবীণ নেতা কুণাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবিকে নস্যাৎ করে দিয়ে তীব্র কটাক্ষ করেছেন। কুণাল ঘোষ বলেন, “রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে হলে এখানে কেন, একবারে রাষ্ট্রসঙ্ঘে (UN) চলে যান।” তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যেই বিজেপি নেতারা এ ধরনের অবাস্তব দাবি তুলছেন।
আগামী দিনে এই কেলেঙ্কারি ফাঁসের বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

