রাষ্ট্রপতি শাসন বনাম সংবিধান মমতা ও রাজু বিস্তার বাকযুদ্ধে উত্তপ্ত বঙ্গ রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। নির্বাচন কমিশনের প্রশাসনিক রদবদলকে ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’ এবং ‘অসাংবিধানিক’ বলে এক্স হ্যান্ডেলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে সরাসরি বিঁধে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাটি বিজেপির হয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
পাল্টা আক্রমণে শিলিগুড়ি থেকে বিজেপি সাংসদ রাজু বিস্তা দাবি করেন, মুখ্যমন্ত্রী নিজেই সংবিধানকে উপহাস করছেন। তাঁর অভিযোগ, রাজ্যের প্রশাসন ও পুলিশ বর্তমানে শাসকদলের ক্যাডার হিসেবে কাজ করছে। রাজু বিস্তার মতে, নিরপেক্ষ ভোট করাতেই কমিশনের এই হস্তক্ষেপ জরুরি। তিনি আরও অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী বাংলাকে প্রতিবেশী রাষ্ট্রের পথে পরিচালিত করতে চাইছেন।
এই বাগযুদ্ধে তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বিজেপি ভোটের আগে বিভাজনের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করছে। উত্তরবঙ্গ জুড়ে দুই শিবিরের এই আক্রমণাত্মক প্রচার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নেতাদের মন্তব্য ঘিরে আইনি ও রাজনৈতিক লড়াই জোরালো হচ্ছে।

