লেটেস্ট নিউজ

রাহুল গান্ধীসহ ২৫ বিরোধী সাংসদকে খুনের হুমকি, রাজস্থানে গ্রেপ্তার করণী সেনা নেতা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ ২৫ জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম রাজ সিংহ, যিনি নিজেকে কট্টরপন্থী রাজপুত সংগঠন করণী সেনার স্থানীয় নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। অভিযোগ, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী সাংসদদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেন।

পুলিশি সূত্রে জানা গেছে, ওই যুবক ভিডিওতে দাবি করেন যে বাজেট অধিবেশন চলাকালীন লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমান করেছেন রাহুল গান্ধীসহ বিরোধীরা। এর প্রতিশোধ নিতেই তিনি তাঁদের বাড়িতে ঢুকে গুলি করার হুমকি দেন। ভিডিওতে তাঁর পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পিকার ওম বিড়লার ছবি দেখা গেছে। অভিযুক্তের দাবি, বিরোধী সাংসদদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে তিনি চরম পদক্ষেপ নেবেন।

কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও ধৃত ব্যক্তি নিজেকে করণী সেনার সদস্য বলে দাবি করেছেন, তবে পুলিশ এখনও কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তাঁর সরাসরি যোগসূত্রের প্রমাণ পায়নি। বর্তমানে তাঁর রাজনৈতিক পরিচয় ও ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *