রাহুল গান্ধী ‘বিদেশি শক্তির পুতুল’, নেহরু-গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ নীতিন নবীনের – এবেলা
এবেলা ডেস্কঃ
নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিঘ্নিত করার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা নীতিন নবীন। তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘বিদেশি শক্তির পুতুল’ বলে কটাক্ষ করেছেন। নবীনের দাবি, রাহুল বিদেশে গিয়ে ভারতবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে রাজনীতি করছেন।
ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, নেহরু থেকে রাজীব গান্ধী—সকলেই দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছেন। ১৯৫৪ সালে তিব্বত ইস্যুতে নেহরুর ভূমিকা এবং রাজীব গান্ধীর বিরুদ্ধে প্রতিরক্ষা চুক্তির অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ আনেন তিনি। তাঁর মতে, কংগ্রেসের এই ‘বিশ্বাসঘাতকতার উত্তরাধিকার’ আজও বহাল।
ইউপিএ আমলের সমালোচনা করে নবীন জানান, সোনিয়া গান্ধী এনএসি-র মাধ্যমে সমান্তরাল সরকার চালিয়েছেন। পাশাপাশি রাজীব গান্ধী ফাউন্ডেশনে চিনা অর্থসাহায্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপি নেতার মতে, কংগ্রেস সর্বদা জাতীয় কল্যাণের চেয়ে বিদেশি স্বার্থ ও ব্যক্তিগত লাভকে অগ্রাধিকার দিয়ে এসেছে।

